চিরনিদ্রায় খালেদা জিয়া, দাফন হতে পারে জিয়ার কবরের পাশে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
দাফন হতে পারে জিয়ার কবরের পাশে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জানাজা শেষে সংসদ ভবন এলাকা সংলগ্ন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগার পর গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। দীর্ঘ এক মাসেরও বেশি সময় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সারাদেশে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন, নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ এবং পবিত্র কোরআন তিলাওয়াত। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাত দিন দেশব্যাপী শোক পালন করা হবে।

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রভাবশালী ভূমিকা পালন করা এই নেত্রীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD