দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি কার্যালয়ে পৌঁছালে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ২০০৮ সালে এই কার্যালয়টি চালু হওয়ার পর সশরীরে এটিই তার প্রথম সফর।
জানা গেছে, তারেক রহমান কার্যালয়ে পৌঁছালে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে অন্য সদস্যরা তাকে স্বাগত জানান। পরে তিনি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা এবং বিশেষ করে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন থেকে নিয়মিত এই কার্যালয়ে বসবেন এবং দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন।
তিনি আরও উল্লেখ করেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে খুব শীঘ্রই তারেক রহমান দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবেন।
দলটির নেতারা মনে করছেন, তারেক রহমানের সরাসরি কার্যালয়ে উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। গত তিন দিনে তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় দলীয় সংবর্ধনায় যোগ দিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন এবং শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।
এছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমাধি পরিদর্শন ও নির্বাচন কমিশনে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন তিনি।
এমএ