জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় রাজনৈতিক জোটে নতুন করে যুক্ত হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির নতুন দুই শরিক দলকে জোটে স্বাগত জানিয়ে বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ঐক্য আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্তত ৩০টি আসন পাওয়ার নিশ্চয়তায় এই জোটে অন্তর্ভুক্ত হয়েছে। জোটের আসন বণ্টন নিয়ে টানাপড়েনের মধ্যে নতুন মাত্রা যোগ করল এনসিপির এই অন্তর্ভুক্তি।
এদিকে জোটের অন্যতম শরিক দল চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আসন সংখ্যাও এনসিপির কাছাকাছি থাকছে বলে আভাস পাওয়া গেছে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ১২০টি আসনের দাবি পূরণ না হলে জোট ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল হাতপাখা প্রতীকের দলটি। তবে আজকের ঘোষণার পর এটি স্পষ্ট যে, অভ্যন্তরীণ মান-অভিমান কাটিয়ে বর্তমান কাঠামোতেই অটুট থাকছে জামায়াতের নেতৃত্বাধীন এই জোটটি।
এমএ