ভূমিকম্পে নরসিংদীতে নিহত বেড়ে ৫, আহত শতাধিক

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
ভূমিকম্পে নরসিংদীতে নিহত বেড়ে ৫

বাংলাদেশকে কাঁপিয়ে তোলা প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে বাবা ও ছেলে রয়েছেন। এছাড়াও, এই ঘটনায় এক শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

নিহতরা হলেন- সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার মো. দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে মো. ওমর ফারুক (৯), পলাশের ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের নয়াপাড়া এলাকার নাসির উদ্দীন (৬৫) ও চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের পশ্চিমপাড়া এলাকার কাজম আলী ভূঁইয়া (৭৫) এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়া (৩৫)।

গাবতলী এলাকায় ছয়তলা নির্মাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা-ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পর বাবা-ছেলের মৃত্যু হয়।

পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়ালচাপায় কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। কাজম আলী উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তথ্যটি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই আউয়াল মিয়া।

এছাড়া পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) ভয়ে আতঙ্কিত হয়ে হার্টঅ্যাটাক করে মারা গেছেন।

এ ঘটনায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশের মতো নরসিংদীতেও ভূমিকম্প অনুভব হয়। এ সময় পুরো জেলা কেঁপে উঠে। বিশেষ করে পলাশ উপজেলার ঘোড়াশাল ও নরসিংদী শহর। এ সময় মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন।

এদিকে ঘোড়াশাল এলাকায় ৬টি বাড়ি ও এসএ প্লাজা নামে একটি ৭তলা বিশিষ্ট শপিংমলে ফাটল ধরে।

এছাড়া ঘোড়াশাল বাজার এলাকার বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পড়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় মাটি দেবে যায়।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম দুপুরে গাবতলী এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভূমিকম্পে জেলায় কয়েকজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার খবর পেয়েছি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে। পুলিশ তাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD