চাঁপাইনবাবগঞ্জে নাচোল এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মো. মিলন (৬০) ও আলম (৪৫) নামের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জানা গেছে, গত রোববার (১২ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করেন।
সেই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার সকালে আমিনুল ইসলামের সমর্থকরা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থকদের ওপর হামলার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৪ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মিলন ও আলমের মৃত্যু হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বুধবার রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে মারা যান তার ছোট ভাই আলম। নিহত দুজনই বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের অনুসারী হিসেবে পরিচিত।
তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। লাশগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে, বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।