মানুষের নিরাপত্তা নিশ্চিত না করলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।
মঙ্গলবার সকালে বনানী কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’ সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মির্জা ফখরুল বলেন, গুমের শিকার মানুষদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে আমাদেরই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গঠিত গুম কমিশনের কার্যক্রম আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যদি নির্বাচিত হয়, তাহলে গুম হওয়া পরিবারগুলোর সদস্যদের পুনর্বাসনের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।