শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রোববার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণহত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামীকাল রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। আজ শনিবার (৩১ মে) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এই মামলায় অভিযুক্ত অপর দু’জন হলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এই বছরের ডিসেম্বরের মধ্যেই জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তা দৃশ্যমান হবে। তিনি জোর দিয়ে বলেন, বিচার এমনভাবে করা হবে যাতে এর গ্রহণযোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।

এর আগে, গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয় এবং সেদিনই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন দাখিল করে। সেই সময় এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, জুলাই-আগস্টের আন্দোলনে নির্বিচারে প্রায় ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশ, প্ররোচনা, উসকানি সহ মোট ৫টি অভিযোগের প্রমাণ মিলেছে বলে তিনি জানান। একই ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধেও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানো এবং হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।

অভিযোগ রয়েছে, আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল, যার ফলে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায়। এই ব্যাপক হত্যাকাণ্ডের পরও সরকার শেষ রক্ষা করতে পারেনি। গত ৫ আগস্ট এক অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর দেশের পরিচালনার দায়িত্ব নেয় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD