ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে একটি ট্রাক খুলনা অভিমুখে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএ