৪ বছর পর মুক্তি পাচ্ছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

দীর্ঘ ৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির তারিখ নির্ধারণ হলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত চলচ্চিত্র *‘স্বপ্নে দেখা রাজকন্যা’*র। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

নতুন প্রজন্মের দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

২০২১ সালে সেন্সর বোর্ড ছাড়পত্র পাওয়ার পরও নানা কারণে মুক্তি পিছিয়ে যায় ছবিটির। অবশেষে প্রযোজক সমিতি থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিয়ে মুক্তির ঘোষণা দেন পরিচালক। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে ছবির পোস্টারও।

রোমান্স ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত এই চলচ্চিত্রে দেখা যাবে স্বপ্ন, রাজকন্যা আর বাস্তবতার এক জটিল গল্প। পরিচালক আশা করছেন, আদর ও সালওয়ার পর্দার রসায়ন দর্শকদের কাছে হবে প্রধান আকর্ষণ।

তবে প্রচারণা ঘিরে এখনো নিশ্চুপ রয়েছেন ছবির দুই তারকা। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমা-সংশ্লিষ্ট কোনো পোস্ট দেননি তারা। কেন এমন হচ্ছে তা স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে খুব শিগগিরই প্রচারণায় সরব হবেন দুজনই।

সুদীপ্ত সাঈদ খানের চিত্রনাট্য ও সংলাপে এম এস মুভিজের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলীসহ অনেকে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD