শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সাধারণ দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়েছে।
সকাল থেকেই সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে ভিড় জমান। উদ্যানের মূল অংশ সংস্কারের কারণে বন্ধ থাকায় বিজয় স্মরণি মোড়ে প্রবেশ মুখে অনেকেই ব্যারিকেডের পেছনে অপেক্ষা করেন। কেউ কেউ সরাসরি সমাধিস্থলে যেতে না পারলেও রাস্তার পাশ থেকে দোয়া পাঠ করেছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ অন্যান্য পুরনো জটিলতা আরও বাড়ে। অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়েছিল, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা চলছিল।
এমএ