বিএনপি চেয়ারপারসনের পদ স্থগিত হওয়া ফজলুর রহমানকে সাধুবাদ জানিয়েছেন দলটির সাবেক নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেন, “ফজলুর রহমান ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেছেন— এজন্য তাকে ধন্যবাদ জানাই।”
সম্প্রতি এক ভার্চুয়াল টক শোতে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ফজলুর রহমান, সাবেক এমপি গোলাম মাওলা রনি এবং সাংবাদিক মাসুদ কামাল উপস্থিত ছিলেন।
আখতারুজ্জামান বলেন, ফজলুর রহমানের সাহসিক অবস্থান দেখে বোঝা যায়— তিনি এখন চাইলে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, “এখনই তার জন্য মোক্ষম সময়। যদি তিনি মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করার ডাক দেন এবং আঞ্চলিক রাজনীতি ছেড়ে জাতীয় রাজনীতিতে পা রাখেন, তাহলে তিনি গোপনে আওয়ামী লীগেরও ব্যাপক সাপোর্ট পেতে পারেন।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে ঝুঁকি নিতেই হয়। ফজলুর রহমান তা করেছেন এবং তাতে তিনি জয়ী হয়েছেন। আমি তার সিদ্ধান্তকে সময়োপযোগী মনে করি এবং তার সাফল্য কামনা করি।”
নিজেকে “মুক্ত মানুষ” উল্লেখ করে বিএনপি থেকে বহিষ্কৃত আখতারুজ্জামান বলেন, “আমার এখন কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড নেই। ফজলুর রহমান যদি এগিয়ে আসেন, আমি তাকে সাধুবাদ জানাব।”
প্রসঙ্গত, ফজলুর রহমান ও মেজর আখতারুজ্জামান রঞ্জন দুজনই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা এবং সাবেক সংসদ সদস্য।





