দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশের রাজনৈতিক আকাশে মেঘের ঘনঘটা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মো. শাহজাহান। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। শুধু বিএনপি নয়, জনগণই দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে ছাড়বে।”
সোমবার সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাব সড়কে জেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে রাজনৈতিক আকাশের মেঘ উড়ে যাবে। রাজনৈতিকভাবেই সবকিছুর মোকাবিলা হবে। এমপি-মন্ত্রী নয়, আমাদের কাছে বড় শহীদ জিয়াউর রহমানের আদর্শ।”
তিনি বলেন, “জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই বিএনপি গড়ে তুলেছিলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়। ছাত্রদল গঠনের মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা।”
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “তিনি শারীরিক নির্যাতন সহ্য করেছেন, চিকিৎসার জন্য বিদেশে গেছেন, এখনো ফিরতে পারেননি। তাকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিশ্বাস—বাংলাদেশে এমন কোনো শক্তি নেই, যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনাকে ধ্বংস করতে পারে।”
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, সদস্য এবিএম জাকারিয়া, গোলাম হায়দার বিএসি, ব্যারিস্টার আবু সায়েম, অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।
এ সময় জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





