মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে রয়েছেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের জবানবন্দি শোনা হয়। তবে শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল আজ পর্যন্ত মুলতবি করে। দিনের শুরুতেই তিনি অবশিষ্ট বক্তব্য রাখেন। এরপর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
একইদিন সকালে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী। এ পর্যন্ত টানা ১৮ কার্যদিবসে ৪৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের পরই এ মামলার সাক্ষ্য পর্ব শেষ হবে।
উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আট হাজার ৭৪৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে ৮১ জন সাক্ষীর তালিকা রয়েছে।





