অবৈধভাবে লিবিয়ায় গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস (ত্রিপলী), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ফেরত আসা ১৭৬ জনের মধ্যে ১৭২ জন ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে এবং ৪ জন আইওএম আশ্রয়কেন্দ্রে ছিলেন। তাদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচণায় ইউরোপগামী সমুদ্রপথে যাত্রার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে আর যেন না যায়, সে বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।
আইওএম প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ছয় হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।





