দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত ৩০ বছর বয়সী নারী সানজিদা আক্তার মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে, এইচএমপিভি সংক্রমণ ছাড়াও তার বেশ কিছু শারীরিক জটিলতা ছিল। এইচএমপিভি শনাক্ত হওয়া কারো মৃত্যুর ঘটনা দেশে এটিই প্রথম।

আক্রান্ত ওই নারীর বাড়ি নরসিংদী। ৯ জানুয়ারি তাঁর শরীরে এইচএমপিভি শনাক্ত হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই নারী এইচএমপিভির পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন। তাঁর পরিস্থিতি কিছুটা জটিল ছিল।ওই নারী কিশোরগঞ্জের বাসিন্দা হলেও থাকতেন নরসিংদীতে। সেখানেই ভাইরাসে আক্রান্ত হন তিনি।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, গত বছর এইচএমপিভি আক্রান্ত দুজন শনাক্ত হয়েছিলেন। ভাইরাসটি দেশে ২০১৭ সালে প্রথম শনাক্ত হয়। সেই থেকে ভাইরাসটি দেশে ছিল এবং আছে।

এইচএমপিভি আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি হয়, নাক বন্ধ হয়ে যায়, শরীরে ব্যথা হয়। এটি অন্য জ্বরের মতো। তবে শিশু, বয়স্ক এবং বয়স্ক যেসব ব্যক্তি ক্যানসার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে। এই ঝুঁকি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD