নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর মাধ্যমে আইনের নিজস্ব প্রক্রিয়ায় এগিয়ে যাবে। একই সঙ্গে বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের অপব্যবহার হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরন্তর কাজ করবে।
গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অতীতে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ রেখেই সরকার সামনের দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি।
সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। তাই নতুন করে তার কিছু বলার নেই।