প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ এইডসের (AIDS) বিরুদ্ধে প্রথম টিকা তৈরির পথে এগোচ্ছে রাশিয়া। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী দুই বছরের মধ্যেই বাজারে আসতে পারে এই টিকা। এটি সফল হলে হবে বিশ্বের প্রথম কার্যকর এইডস টিকা।
রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা রিয়া নভোস্তি-র বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়া টুডে। জানানো হয়েছে, রাশিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসা ও অনুজীববিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে এই টিকা তৈরির কাজ শুরু করেছে।
গামালিয়া সেন্টারের মহামারিবিদ্যা (এপিডেমিওলজি) বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান,
“টিকাটি তৈরি হচ্ছে সর্বাধুনিক এমআরএনএ (mRNA) প্রযুক্তি ব্যবহার করে। এর মূল উপাদান হবে এক ধরনের অ্যান্টিজেন, যা দেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করবে।”
mRNA বা ম্যাসেঞ্জার রাইবো-নিউক্লিয়িক অ্যাসিড-নির্ভর টিকায় মৃত বা দুর্বল ভাইরাস ব্যবহার করা হয় না। বরং, এটি মানবদেহকে নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে শেখায়, যা দেহের প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। করোনাভাইরাস মহামারির সময় এ ধরনের প্রযুক্তি বিশ্বব্যাপী কার্যকর প্রমাণিত হয়।
গুশচিন আরও জানান, প্রতিষেধক তরল তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যেই টিকাটি বাজারে আসতে পারে।
এইডস (Acquired Immunodeficiency Syndrome) একটি জটিল রোগ, যা এইচআইভি (HIV) ভাইরাস দ্বারা সৃষ্ট। এই ভাইরাস মানবদেহে প্রবেশ করে রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে দেয়। ফলে সাধারণ সংক্রমণও মারাত্মক হয়ে ওঠে এবং রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান।
প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে। সেই বছরই সিডিসি (CDC) এইচআইভি ভাইরাস সনাক্ত করে। অনিরাপদ যৌন সম্পর্ক, সংক্রমিত সিরিঞ্জ, এবং এইডস আক্রান্ত মায়ের গর্ভে থাকা সন্তান—এই তিনটি মূল উপায়ে এই ভাইরাস ছড়ায়।