দিনাজপুরের পার্বতীপুরে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ছায়াতদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি আঁচ করতে পেরে গা-ঢাকা দেন অভিযুক্ত মহিবুল।
বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেসে করে বাড়ি ফেরার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়। পরে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ রেল পুলিশের সহযোগিতায় সন্ধ্যায় পার্বতীপুর স্টেশন থেকে তাকে আটক করে।
মহিবুল পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদীউজ্জামানের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন তিনি।
দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রফিকুজ্জামান জানান, আটক মহিবুলকে রাতেই ডিএমপি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।