নতুন গডফাদারের উত্থান ঠেকাব: নাহিদ ইসলাম

1-1752922387.jpg
মো: আল মামুন কক্সবাজার প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেওয়া হবে না। তিনি বলেন, “পূর্ববর্তী সরকারের আমলে কক্সবাজার সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রধান গডফাদার ও তার অধীনে ছোট ছোট গডফাদার সারা দেশে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি এবং নতুন গডফাদারের উত্থান রোধ করব।”

শনিবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরের শহীদ দৌলত ময়দানে সমাবেশে তিনি এ কথা বলেন।

পর্যটন শিল্প নিয়ে নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনে কক্সবাজারে পর্যটনের নামে লুটপাট ও উচ্ছেদ চলেছে। আমরা পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়তে চাই, যেখানে কক্সবাজারের মানুষের অধিকার নিশ্চিত হবে।”

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, “রোহিঙ্গাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। তাদের অধিকারহীন ও রাষ্ট্রহীন রাখা হয়েছে। তবে বছরের পর বছর তাদের দায়িত্ব নেওয়া বাংলাদেশের জন্য সমাধান নয়। এতে কক্সবাজারের মানুষের প্রতি অবিচার হচ্ছে। তাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনের ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার, ড. ইউনূস ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান, রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করে তাদের সম্মান ও অধিকারের সঙ্গে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।”

এর আগে শনিবার দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। কর্মীরা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে টার্মিনাল এলাকা মুখরিত করেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে শেষ হয়। পরে এনসিপির নেতারা শহীদ দৌলত ময়দানে সমাবেশে যোগ দেন।

Leave a Reply

scroll to top