রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আজিজুল হক মোসাব্বির নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে গ্রিন রোড ও কাজীপাড়া সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আজিজুল হক মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এই ঘটনায় সুফিয়ান বেপারী মাসুদ (৫০) নামে এক শ্রমিক নেতাও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে কাওরানবাজারের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাব সংলগ্ন আহসানউল্লাহ গলিতে অবস্থান করছিলেন মোসাব্বির। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে অন্তত তিন রাউন্ড গুলি করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় মোসাব্বিরকে দ্রুত নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, পাজরে গুলিবিদ্ধ সুফিয়ান বেপারী মাসুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তিনি তেজগাঁও কাজীপাড়া ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসপাতাল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কারা বা কী কারণে এই হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।