হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে হিমালয় পাদদেশের এ জনপদের স্বাভাবিক জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা, ব্যাহত হয় যান চলাচলও।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সকাল ৬টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রিতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রার ব্যাপক ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। আগামী কয়েক দিন এই শীতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।