৩১ অক্টোবরের পর বন্ধ হবে না এনআইডি সেবা

৩১ অক্টোবরের পর বন্ধ হবে না এনআইডি সেবা
নিজস্ব প্রতিবেদক

প্রবাসে থাকা বাংলাদেশিদের সুবিধার্থে অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক।

গতকাল শুক্রবার বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, প্রবাসী সম্প্রদায়ের মধ্যে একটি ভুল ধারণা ছড়িয়ে পড়েছে যে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আগামী ৩১ অক্টোবরের পর বন্ধ হয়ে যাবে। যা ইতোমধ্যে বাংলাদেশ কনস্যুলেটের দৃষ্টিগোচর হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল এবং বানোয়াট।

এনআইডি সেবা আগামী ৩১ অক্টোবরের পরও অব্যাহত থাকবে এবং প্রবাসী সব বাংলাদেশিকে এনআইডি নিবন্ধনের আওতায় আনার পরও এই সেবা চলমান থাকবে বলে কনস্যুলেট সব প্রবাসী বাংলাদেশকি আশ্বস্ত করেছে।

নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের এনআইডি সেবা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। ফলে সব প্রবাসী নাগরিককে ধৈর্যের সঙ্গে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য কনস্যুলেটের পক্ষ থেকে বিনিতভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিদিন সর্বোচ্চ ১০০ জনকে এনআইডি সেবা দিতে সক্ষম এই কনস্যুলেট। যার মধ্যে ৫০ জন অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এবং ৫০ জন আগত প্রার্থীদের মধ্য থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে সেবা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বিদ্যমান কারিগরি সীমাবদ্ধতার কারণে প্রতিদিন ১০০ জনের বেশি প্রবাসীকে এই সেবা দেওয়া বর্তমানে সম্ভব নয়।

Leave a Reply

scroll to top