মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরের আলো ফুটতেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে হাতে ফুল আর হৃদয়ে গভীর আবেগ নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে আসছেন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারের বেদি ফুলে ফুলে ভরে যায়।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের দিকে দীর্ঘ সারি। শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বিএনসিসি ও স্কাউটস সদস্যরা। সুশৃঙ্খলভাবে একে একে বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করছেন। পুরো এলাকা জুড়ে ছিল গভীর শ্রদ্ধা ও নীরবতার আবহ।
শ্রদ্ধা জানাতে আসে ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ছায়ানট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, টিআইবি, বাংলাদেশ স্কাউটস, উদিচী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। সংগঠনের বাইরে ব্যক্তিগতভাবেও অনেকেই শহীদ মিনারে উপস্থিত হন। কেউ পরিবার নিয়ে, কেউ শিশুদের হাত ধরে এসেছেন। অনেক অভিভাবককে শিশুদের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে দেখা যায়।
শ্রদ্ধা জানাতে আসা শফিকুল ইসলাম বলেন, “এদিন আমাদের প্রেরণার দিন। এই প্রেরণা থেকেই আমাদের স্বাধীনতার পথচলা শুরু। যখন পশ্চিম পাকিস্তান আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন ছাত্ররা আত্মত্যাগের মাধ্যমে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল।” তিনি আরও বলেন, “আমরাই একমাত্র জাতি, যারা মাতৃভাষার জন্য লড়াই করে জীবন দিয়েছি।”
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন, “ভাষা আন্দোলনের ইতিহাস শুধু বইয়ে পড়ার বিষয় নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। প্রতি বছর এখানে এসে শ্রদ্ধা জানালে সেই ইতিহাসকে নতুন করে অনুভব করি।”
এদিকে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাংলাদেশ স্কাউটসের সদস্য মাহদি হাসান বলেন, “দায়িত্ব পালন করতে এসে বুঝতে পারছি, মানুষের আবেগ কত গভীর। সবাই অত্যন্ত সম্মান ও নিয়ম মেনে শ্রদ্ধা জানাচ্ছেন। এটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।”
ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনভর চলবে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কর্মসূচি। জাতীয় চেতনা, ভাষার মর্যাদা ও ইতিহাসের প্রতি সম্মান জানাতে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি যেন বাঙালির আত্মপরিচয়ের এক অনন্য বহিঃপ্রকাশ হয়ে উঠেছে।





