অফিস সময় মানছেন না মেট্রো রেলের কর্মকর্তা-কর্মচারীরা, সময়মতো উপস্থিতির নির্দেশ

1752739370-201da382ca56dd3ccb6416c9509b74cb.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও এর আওতাধীন প্রকল্পগুলোতে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত অফিস সময় অনুসরণ করছেন না। কেউ কেউ যথাসময়ে অফিসে আসছেন না, আবার কেউ কেউ কোনো অনুমতি না নিয়েই সময়ের আগেই অফিস ত্যাগ করছেন। বিষয়টি সংস্থাটির শীর্ষ পর্যায়ের নজরে আসায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম আমানউল্লাহ নূরের দৃষ্টি আকর্ষণ হওয়ার পর ১৬ জুলাই বুধবার এক অফিস আদেশ জারি করা হয়। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, অফিস শৃঙ্খলা বজায় রাখতে এবং সরকারি বিধি অনুযায়ী আচরণ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে কর্মস্থলে সময়মতো উপস্থিত হওয়া বাধ্যতামূলক।

নোটিশে উল্লেখ করা হয়,

“ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, ডিএমটিসিএল এবং এর আওতাধীন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের কেউ কেউ যথাসময়ে অফিসে উপস্থিত হন না। আবার কেউ কেউ অফিস সময়ের পূর্বেই কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অফিস ত্যাগ করছেন। এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।”

সরকারি বিধি মেনে প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক উল্লেখ করে বলা হয়েছে,

“প্রতিটি শাখায় যথাযথভাবে হাজিরা খাতা সংরক্ষণ করতে হবে এবং তা সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিতভাবে পরীক্ষার আওতায় আনতে হবে।”

রাজধানীর ব্যস্ততম যোগাযোগ ব্যবস্থার একটি প্রধান অংশ মেট্রোরেল। এই সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে পেশাদারিত্ব ও সময়ানুবর্তিতা প্রত্যাশা করে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সময়মতো অফিসে না আসা এবং দায়িত্বে অনুপস্থিত থাকা প্রকল্পের অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে কোনো কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত সময়ের ব্যত্যয় ঘটালে কিংবা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিস ত্যাগ করলে, তাঁর বিরুদ্ধে সরকারি শৃঙ্খলা বিধিমালার আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

scroll to top