সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার। বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজায় বিপুল জনসমাগমের সম্ভাবনা বিবেচনায় রেখে রাজধানীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজা উপলক্ষে বুধবার সকাল ৭টা থেকে সংসদ ভবন সংলগ্ন এলাকার বেশ কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ বা সীমিত থাকবে। জানাজা শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নির্দেশনা কার্যকর থাকবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র্যাম্প দিয়ে গাড়ি নামা বন্ধ থাকবে। যাত্রীদের বিকল্প হিসেবে এফডিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি অভিমুখী যান চলাচল সীমিত রাখা হবে।
বিমানবন্দর বা মহাখালী থেকে শাহবাগ-মতিঝিলগামী যানবাহনগুলোকে জাহাঙ্গীরগেট ও কাজী নজরুল ইসলাম এভিনিউ এড়িয়ে মগবাজার ফ্লাইওভার ব্যবহারের অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, মিরপুর থেকে ধানমন্ডি বা মোহাম্মদপুরগামী যানবাহনগুলোকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে টেকনিক্যাল-শ্যামলী রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব এলাকা ও ক্রসিং বন্ধ থাকবে:
জানাজাস্থল ও এর আশপাশের নিরাপত্তা নিশ্চিত করতে ফার্মগেট পুলিশ বক্স, ইন্দিরা রোড ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট, রাপা প্লাজা এবং গণভবন ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে। মূলত রাপা প্লাজা থেকে গণভবন এবং ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত পুরো এলাকাটি জানাজার জন্য সংরক্ষিত রাখা হতে পারে।
পার্কিং ব্যবস্থা:
জানাজায় অংশ নিতে আসা সাধারণ মানুষের যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছে ডিএমপি। ঢাকার ভেতরের যানবাহনগুলো শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে। এছাড়া ঢাকার বাইরে থেকে আসা বাস ও অন্যান্য যানবাহনের জন্য মতিঝিল, শাহবাগ, উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং পূর্বাচলের ৩০০ ফিট সার্ভিস রোড এলাকা নির্ধারণ করা হয়েছে।
শীতকালীন এই সকালে নগরবাসীকে গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়ার এবং নির্ধারিত রুটগুলো এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।
এমএ