জালিয়াতি করলে আজীবনের জন্য মার্কিন ভিসা বাতিল

image-291699-1752841405.jpg
মো: আল মামুন আন্তর্জাতিক ডেস্ক

ভিসা আবেদনকারীরা যদি ভুয়া নথিপত্র জমা দেন বা তথ্য গোপন করেন, তাহলে তাদের বিরুদ্ধে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এমনকি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোও হতে পারে।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস শুক্রবার (১৮ জুলাই) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই কঠোর সতর্কবার্তা প্রদান করেছে।

দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে ভিসা প্রতারণা ও নকল নথিপত্র শনাক্ত করার জন্য প্রশিক্ষিত হচ্ছেন। তারা বলেছে, ‘এই গল্প আমরা আগেও শুনেছি।’ অর্থাৎ, অনেক আবেদনকারী ভুয়া তথ্য দিয়ে প্রবেশের চেষ্টা করে থাকেন, যা দৃষ্টিগোচর হয়েছে।

তারা আরও উল্লেখ করেছে, তথ্য গোপন করা বা জালিয়াতিপূর্ণ নথি দাখিল করা শুধু অনৈতিক নয়, এটি একটি গুরুতর অপরাধ। এর ফলে ভিসা আবেদনকারীদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে এবং একই সাথে ফৌজদারি মামলা করা হতে পারে।

এর আগে, গত ১০ জুলাই যুক্তরাষ্ট্র দূতাবাস এক পৃথক পোস্টে জানিয়েছিল, ভিসা আবেদন ফরম ডিএস-১৬০-এ গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম (Username/Handle) দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

দূতাবাস সতর্ক করেছে, আবেদনকারীদের অবশ্যই ফরমে প্রদত্ত সব তথ্য সঠিক ও সত্য বলে নিশ্চিত করতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করেন, তাহলে শুধু ভিসা প্রত্যাখ্যান নয়, ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতার কারণও হতে পারে।

এ ধরনের কড়া আইন এবং নিয়ম কানুনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

scroll to top