আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ম্যাক্রোঁ লেখেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো গাজায় যুদ্ধের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা। আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার, সব বন্দীর মুক্তি নিশ্চিত করতে হবে এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।”
তিনি আরও বলেন, “একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে নিরাপদ রাখতে হবে এবং পুনর্গঠন করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে এবং তার টিকে থাকার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।”
ম্যাক্রোঁর মতে, এই লক্ষ্য অর্জনে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে এবং ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে। “এই পদক্ষেপই অঞ্চলটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করবে—এর কোনো বিকল্প নেই,”—বলেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্সের জনগণ একান্ত আগ্রহী। “ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের দায়িত্ব হলো প্রমাণ করা—শান্তি সম্ভব। আমরা সেটাই প্রমাণ করবো,”—জানান ম্যাক্রোঁ।
তিনি জানান, ফ্রান্সের অবস্থান এবং প্রতিশ্রুতির কথা লিখিতভাবে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।





