জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। উভয় দেশই এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৫ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানান।
নেতানিয়াহু বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ফ্রান্সের এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল।”
অন্যদিকে, মার্কো রুবিও এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, “এটি একটি বেপরোয়া সিদ্ধান্ত। এই ঘোষণার ফলে হামাসের প্রচারণা আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। এটি ৭ অক্টোবর হামলায় নিহতদের স্মৃতির প্রতিও অসম্মান।”
অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্টের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের মতে, এটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে এক ইতিবাচক পদক্ষেপ।
এর আগে বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, “মধ্যপ্রাচ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং টেকসই শান্তির জন্য ফ্রান্স তার ঐতিহাসিক দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা, সব বন্দীর মুক্তি ও সাধারণ জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। শান্তি সম্ভব, আর সেই শান্তি অর্জনে আমাদের সাহসী সিদ্ধান্ত প্রয়োজন।”
ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।





