ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ কার্যক্রম

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ কার্যক্রম

দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এমতাবস্থায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১০ নভেম্বর) ডিএনসিসির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি’র এ কার্যক্রমের মাধ্যমে মশানিধন, সচেতনতামূলক প্রচারণা ও রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, ডিএনসিসির এলাকার এক হাজার ২৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এডিস মশা নিয়ন্ত্রণে ‘ক্লিন স্কুল: নো মসকিউটো’ শীর্ষক বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ব্র্যাক ও ডিএনসিসির যৌথ উদ্যোগে ‘অপারেশন ক্লিন হোম: হেলথ লাইভস’ কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে। ৩৪ দিনের এ কর্মসূচিতে ২৫টি ওয়ার্ডে ৩৪টি অভিযান সম্পন্ন হয়েছে।

পাশাপাশি ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে তিন দিনব্যাপী ‘অপারেশন ক্লিন টুডে, সেফ টুমরো’ অভিযান পরিচালনা করা হয়েছে।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিডিসির সহায়তায় কীট তাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে। মশকনিধন কার্যক্রমের তদারকি বাড়ানোর জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডকে (বিএমটিএফ) নিয়োজিত করা হয়েছে এবং মশক সুপারভাইজারদের সংখ্যা বাড়ানো হয়েছে। অনলাইন ড্যাসবোর্ড গঠনের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

একইসঙ্গে উত্তরার ১০টি সেক্টরে পরিবেশ বান্ধব মশক ট্র্যাপ স্থাপন প্রক্রিয়া চলমান আছে। শহরের প্রায় ৩৩০০ নির্মাণাধীন বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালগুলোতে ক্রস ট্রান্সমিশন বন্ধের জন্য মসকিউটো ট্র্যাপ পাঠানো হয়েছে।

নার্সারি মালিক এবং রিহ্যাবের মালিকদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সঙ্গে যৌথভাবে এসআইটির উপযুক্ততা পরীক্ষা করা হয়েছে।

ডিএনসিসি আরও জানায়, ইতিমধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে অধিকতর কার্যকর জৈব কীটনাশক বিটিআই পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে এবং বিটিআই ক্রয় প্রক্রিয়াধীন আছে বলে জানায় ডিএনসিসি।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD