বাসা বাড়িতে গৃহকর্মী নিয়োগের পূর্বে তাদের পরিচয় ও ব্যক্তিগত তথ্য নিশ্চিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ডিএমপি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তিনি এই গুরুত্বপূর্ণ অনুরোধটি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে বাসা বাড়িতে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র, এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি ও তার পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুজন শনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণের জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।
এছাড়া, ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ পূর্বক নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতার জন্যও অনুরোধ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক চাঞ্চল্যকর জোড়া খুনের একটি ঘটনা সংঘটিত হয়েছে।
এ ছাড়া, গৃহকর্মী কর্তৃক অনেক সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও নতুন নয়।
নগরবাসী একটু সচেতন হলে এরূপ অপরাধ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব বলেও ডিএমপি কমিশনারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমএ





