রাজধানীর মিরপুরের রূপনগরে দুই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রূপনগরে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আবার সাত জনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে। এখনো আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। জানা গেছে, আগুন লাগা ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা এবং একটি রাসায়নিকের গোডাউন (কেমিক্যাল গোডাউন) ছিল।
ফায়ার সার্ভিসসের তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত (মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়াও কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টিরও বেশি ইউনিট। ভবনটিতে রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।





