স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি বৃহস্পতিবার

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক

সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারি আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। লটারির এই আয়োজনটি রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় শুরু হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

যেভাবে ঘরে বসে জানা যাবে লটারির ফলাফল

ডিজিটাল লটারি শেষ হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফল জানতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে ফল ডাউনলোড করা যাবে। পাশাপাশি মাউশির ফেসবুক পেজে লটারির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

মাউশির চিঠিতে বলা হয়, ফলাফল ডাউনলোড করার পর প্রতিষ্ঠানপ্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটি সভা করে নিয়ম মেনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

এবার ডিজিটাল লটারি ফলাফল জানতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই। তারা ঘরে বসে অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন।

গত ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর ১১ ডিসেম্বর লটারি হবে। লটারিতে নির্বাচিতরাই ভর্তির সুযোগ পাবে।

মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এবার সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা ৩ হাজার ৩৬০টি। গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ২ লাখ ৬০ হাজার ২৪৪ জন। তারা পছন্দক্রম দিয়েছিল ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি।

অন্যদিকে, বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি শূন্য আসনের বিপরীতে আবেদন করেছিল ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছিল ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। এরপর আর আবেদন জমা পড়ার নতুন তথ্য জানায়নি মাউশি।

এমএ

Leave a Reply

scroll to top