রাজধানীতে ভূমিকম্প: মেট্রোরেলের ছয় স্টেশনে ফাটল

মেট্রোরেলের ছয় স্টেশনে ফাটল
নিজস্ব প্রতিবেদক

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীসহ সারাদেশে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসময় রাজধানীর বেশ কয়েকটি ভবনের ফাটল ধরেছে। প্রাকৃতিক এই দুর্যোগে মেট্রোরেলের ছয়টি স্টেশনে ফাটল দেখা গেছে।

বিশেষ করে কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরা স্পষ্টভাবে দেখা যায়। বিজয় সরণির সাব-স্টেশন প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল মিলেছে। পল্লবী স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষ এবং স্টেশন নিয়ন্ত্রণ কক্ষেও একই ধরনের ফাটল দেখা গেছে।

সরেজমিনে ঘুরে মিরপুর-১১ স্টেশনের সাব-স্টেশন ফ্লোর, মিরপুর-১০ স্টেশনের কিছু টাইলস এবং ফার্মগেট স্টেশনের লিফট কোরের ভেতরের দেয়ালে ফাটল শনাক্ত হয়। পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে সরাসরি ফাটল দেখা গেলেও স্টেশন কন্ট্রোলার প্রথমে তা অস্বীকার করেন। পরে ফাটল দেখানো হলে তিনি বলেন, এটি আগে থেকেও থাকতে পারে বা ভূমিকম্পেও হতে পারে। এ বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

কারওয়ান বাজার স্টেশনের সাব-স্টেশন কক্ষ রাতে বন্ধ থাকলেও স্টেশনের এক কর্মী জানান, ফাটল দেখা গেছে এবং অনেকেই আতঙ্কিত। মিরপুর-১০, মিরপুর-১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের কয়েকজন কর্মীও ফাটলের তথ্য নিশ্চিত করেছেন।

যোগাযোগ করা হলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ফোন ধরেননি। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল দেখা গেলেও সেগুলো গুরুতর নয়। তিনি জানান, কর্তৃপক্ষ আরও পরীক্ষা করছে।

মেট্রোরেল চালানো ঠিক হয়েছে কি না, এই প্রশ্নে তিনি বলেন, কয়েকবার ট্রায়াল রান করে নিশ্চিত হওয়ার পরই মেট্রো চালানো হয়েছে। ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এমএ

Leave a Reply

scroll to top