বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টার গভীর শোক

বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টার গভীর শোক
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি এই শোক জানান।

প্রধান উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ বিবেচনা করে এ মাসেই সরকার তাঁকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছিল।

প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠায় বেগম জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে আশির দশকে স্বৈরশাসনবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব এবং দীর্ঘ ৯ বছরের লড়াই এরশাদ সরকারের পতনে নির্ণায়ক ভূমিকা পালন করেছিল।

তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার অনেক সাহসী সিদ্ধান্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। বিশেষ করে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করার পদক্ষেপটি বাংলাদেশের নারী শিক্ষার প্রসারে একটি মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বেগম জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো নির্বাচনেই পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত হওয়া নির্বাচনগুলোতে তিনি পাঁচটি পৃথক আসনে জয়ী হয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

ড. ইউনূস আক্ষেপ করে বলেন, তাঁর রাজনৈতিক সাফল্যের কারণেই তিনি চরম প্রতিহিংসার শিকার হয়েছিলেন এবং মিথ্যা মামলায় দীর্ঘ বছর কারাবাস করতে হয়েছে। শেখ হাসিনার শাসনামলে তাঁর এই লড়াই জাতিকে প্রতিরোধের অনুপ্রেরণা জুগিয়েছে।

জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে যার যার অবস্থান থেকে প্রার্থনা করার অনুরোধ জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশ ও জাতির কল্যাণে তাঁর বলিষ্ঠ মনোবল সবার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

এমএ

Leave a Reply

scroll to top