চট্টগ্রামের আনোয়ারায় হাড়কাঁপানো শীতের রাতে দুই অসুস্থ শিশুকে সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার অমানবিক ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় এই ঘটনা ঘটে।
পরিত্যক্ত অবস্থায় পাওয়া চার বছর বয়সী এক কন্যা শিশু ও তার দুই বছর বয়সী বাকপ্রতিবন্ধী ছোট ভাইকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন মহিম উদ্দিন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর তীব্র শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে কাঁপতে দেখে এগিয়ে যান চালক মহিম উদ্দিন। এ সময় তিনি দেখেন, বড় বোন আয়শা (৪) তার ছোট ভাইকে পরম মমতায় আগলে ধরে আছে। অসহায় শিশু দুটির অবস্থা দেখে মহিম তাদের উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
উদ্ধার হওয়া বড় বোন আয়শা জানায়, তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তাদের বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়শা জানায়, তাদের এক খালা তাদের দুজনকে ওই স্থানে বসিয়ে রেখে চলে যান।
অটোরিকশাচালক মহিমের স্ত্রী শারমিন আক্তার জানান, শিশু দুটি বেশ অসুস্থ এবং ছোট ভাইটি শারীরিক প্রতিবন্ধী। তাদের যত্ন ও আহারের ব্যবস্থা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্তানদের অসুস্থতা ও আর্থিক অভাবের কারণেই পরিবার হয়তো তাদের এভাবে ফেলে গেছে।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুদের পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শিশু দুটিকে বর্তমানে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভ হোমে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এমএ