মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এসময় বেশ কিছু আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে আদালত চত্বরে মিছিল করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় দেন।
আদালতে আবুল সরকারের অনুপস্থিতিতে তার পক্ষে ১৫ থেকে ১৬ জন আইনজীবী অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার।
বাউল শিল্পী আবুল সরকারের জামিন প্রক্রিয়া সম্পর্কে তাঁর আইনজীবী জিন্নত আলী জানান, গত ২৩ নভেম্বর প্রথমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হয়েছিল।
তবে সেই শুনানির শেষে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করেন। ফলস্বরূপ, ফৌজদারি বিধি অনুসরণ করে জেলা ও দায়রা জজ আদালতে দ্বিতীয়বার জামিনের জন্য আবেদন করা হয়।
অবশেষে, সোমবার দুপুরে ওই জেলা ও দায়রা জজ আদালতে আবুল সরকারের জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আবুল সরকার আদালতে দোষী প্রমাণিত হলে ২৯৫ এর ‘ক’ ধারায় দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হচ্ছে ২ বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ আলম বাহার বলেন, মহান আল্লাহ ও কোরআনকে না জেনে, না বুঝে বাউলরা যাতে মনগড়া বক্তব্য দিতে না পারে সে সেটির দিকে জোর দিতে বিষয়টি আমরা উপস্থাপন করেছি। আদালত আমাদের নথির সকল তথ্য সঠিক পাওয়ায় আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, মানিকগঞ্জের একটি পালাগানের আসরে শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। পরে সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এমএ