সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকেই রাজধানী ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। যদিও রাস্তায় পানি জমেনি, তবে হালকা বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে গেছে। এতে অফিসমুখী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও ফার্মগেটসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকে দীর্ঘ যানজট দেখা গেছে। বনানী মোড় থেকে মহাখালী পর্যন্ত প্রাইভেটকার ও বাসের লম্বা সারি তৈরি হয়। চালকরা বৃষ্টির মধ্যে ধীরে গাড়ি চালাচ্ছেন, ফলে ছোট ছোট মোড়েও গাড়ির চাপ বেড়ে যায় এবং পুরো সড়কে যানজট আরও প্রকট হয়ে ওঠে।
সকালে সরেজমিনে দেখা গেছে, সড়কের দুই পাশে অফিসগামী মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। কেউ ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন, আবার কেউ ভিজে ছুটছেন বাস ধরতে। যানবাহন না পেয়ে অনেকেই রিকশা ও সিএনজির দিকে ঝুঁকছেন। তবে বৃষ্টির সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে বলে অভিযোগ যাত্রীদের।
অফিসগামী রবিউল ইসলাম নামের এক যাত্রী বলেন, “প্রতিদিন অফিস যেতে আমার এক ঘণ্টা লাগে। আজ এক ঘণ্টারও বেশি সময় ধরে বাসে বসে আছি। এখনও বনানী পার হতে পারিনি।”
এদিকে, বৃষ্টির কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেছেন। এতে সড়কে গাড়ির সংখ্যা আরও বেড়ে যায়। ফলে সিগন্যালের মোড়ে মোড়ে দীর্ঘ যানজট তৈরি হয়।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সারাদিনই কমবেশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকতে পারে। এতে তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ অবস্থায় অফিসগামী মানুষদের যেমন বাড়তি সময় নিয়ে বের হতে হচ্ছে, তেমনি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদেরও।