ভিপি নির্বাচিত হয়ে বার্তা দিলেন সাদিক কায়েম

1757481254-fdb78225d05a790f171a274594cd02ab.webp
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম। ফল ঘোষণার পর তিনি বলেন, “ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয়-পরাজয়ের কিছু নেই।”

তিনি মুক্তিযুদ্ধ, আজাদী আন্দোলন ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে ছাত্রলীগের নির্যাতনে নিহতদেরও স্মরণ করেন।

সাদিক কায়েম আরও বলেন, “শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের আমানত দিয়েছে। সেই আমানতের হক আমরা আদায় করব, ইনশাআল্লাহ। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমি ভিপি পরিচয়ে পরিচিত হতে চাই না, ভাই-বোনদের আপনজন হিসেবেই পাশে থাকতে চাই।”

ঢাবি ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সব দল-মত মিলে আমরা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট গড়ে তুলব। নারীদের জন্য হবে নিরাপদ পরিবেশ। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা।”

এসময় জিএস পদে নির্বাচিত এস এম ফরহাদ বলেন, “এ বিজয় কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, ঢাবির সব শিক্ষার্থীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল হলে শিক্ষার্থীরা যেন শুধরে দেন।” তিনি বিজয় মিছিল না করার আহ্বান জানিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

scroll to top