ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন সর্ব মিত্র চাকমা। তিনি ৮ হাজার ৯৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে সর্ব মিত্র লেখেন, “সিনেট থেকে বের হয়ে ফরহাদ ভাইয়ের প্রথম উপদেশ— এতদিন যারা বিরোধিতা করেছে, তা এখন অতীত। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। আরো নম্রতার সাথে সবকিছু সামলাতে হবে।”
তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ আমাকে বিচলিত হতে দেয়নি এক মুহূর্তের জন্য। এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ কারণে কেউ হিংসা-বিদ্বেষ লালন করতে চাইলে ক্ষতি নেই। তবে অধিকার আদায়ে আপনাদের সহযোগিতা চাই। দল-মত ভুলে সবার সঙ্গে একসাথে কাজ করতে চাই।”
নির্বাচিত হওয়াকে ক্ষমতা নয়, বরং দায়িত্ব হিসেবে উল্লেখ করে সর্ব মিত্র বলেন, “ডাকসুতে নির্বাচিত হওয়া মানে চেয়ার বা পদ নয়, এটি এক বিরাট দায়িত্ব। আপনাদের হাজার প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা পূরণ করতেই হবে। স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আমার— আমি আপনাদের নিরাশ করব না।”





