তিনি মুখ খুললেই বিতর্ক তৈরি হয়। এবার প্রেম ও সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কার্যক্রমেও ব্যস্ত থাকেন কঙ্গনা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সচরাচর খবরে আসেন না। দীর্ঘ দিন একাকী থাকা এবং কোনো সম্পর্কে না জড়ানোর বিষয়টি তিনি সাধারণত প্রকাশ করেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, তিনি কখনো ডেটিং অ্যাপ-এ থাকতে চাননি। তিনি এটিকে সমাজের “নর্দমা” হিসেবে তুলনা করেছেন। কঙ্গনার মতে, ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে কেউ আর্থিক, কেউ শারীরিক প্রয়োজন মেটানোর উদ্দেশ্য নিয়েই এগোতে পারেন।
কঙ্গনা আরও বলেন, “আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রয়োজনগুলো বোঝা যাবে কীভাবে? সুস্থ ও ভদ্রভাবে সম্পর্ক তৈরি হওয়া উচিত, না কি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এই হলো বর্তমান যুগের সম্পর্কের ধরন, যেটা খুবই ভয়ানক।”
ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথন করতেও কঙ্গনা ঘেন্না অনুভব করেন। সাক্ষাৎকারে সামান্য দ্বিমত প্রকাশ করলে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, “যাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তারা এই ধরনের অ্যাপ ব্যবহার করেন।”
কঙ্গনার মতে, শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে সুষ্ঠু সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। তিনি পরিবার থেকে সম্বন্ধ করেও বিয়ে করার পদ্ধতিকে সমর্থন করেন। তিনি বলেন, “অফিসে বা কলেজে ভাল মানুষ খুঁজে পাওয়া সম্ভব। বাবা-মাও ভাল সঙ্গী খুঁজে দিতে পারেন। আমার মতো কাউকে ডেটিং অ্যাপ-এ খুঁজে পাওয়া যাবে না। এখানে শুধু অপদার্থ লোক পাওয়া যাবে, যারা জীবনে কিছুই করে উঠতে পারেননি।”





