পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৩১৭। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানায়, মৃতদের মধ্যে ২৭৯ পুরুষ, ১৫ নারী এবং ১৩ শিশু রয়েছেন।
জিও নিউজের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৬৩টি আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং ১১টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। পিডিএমএ সতর্ক করেছে, বৃষ্টিপাত ২১ আগস্ট পর্যন্ত চলতে পারে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বুনে জেলায়, যেখানে ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাজাউর, টরগার, মানসেরা, শাংলা ও অন্যান্য এলাকায়ও বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত জেলার জন্য মোট ৫০০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে।
প্রদেশের ১১টি জেলা দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার ও বেঁচে যাওয়া মানুষদের সরানোর চেষ্টা করছেন। প্রায় ৩ হাজার ৮১৭ জন মানুষ বন্যাকবলিত এবং ৩২ জন এখনও নিখোঁজ। ত্রাণ ও উদ্ধার কাজে ৫৪৫ জন উদ্ধারকর্মী, ৯০টি যানবাহন ও নৌকা অংশগ্রহণ করছে।
পাকিস্তানির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষকে দ্রুত ত্রাণ সরবরাহের নির্দেশ দিয়েছেন। সেনাবাহিনীও এক দিনের জন্য ৬০০ টনের বেশি খাদ্য ও অস্থায়ী সেতু স্থাপনের ব্যবস্থা করেছে।





