প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “জীবনের শেষ প্রান্তে এসে আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই। দেশের জন্য অন্তত একটি ভালো কাজ করে যেতে চাই। সেই কাজটি হলো একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।”
শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “আমি দীর্ঘ সময় সরকারি দায়িত্বে থেকে কাজ করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এখন যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে—তা দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই, এই নির্বাচন যেন জনগণের আস্থা ফিরে আনে, যেন সবাই এটিকে বিশ্বাস করতে পারে।”
এককভাবে নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করে তিনি বলেন, “এটা শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। আমি দেশবাসীর সহানুভূতি, সহযোগিতা এবং সঠিক সময়ে সঠিক অবস্থানে দাঁড়ানোর মানসিকতা কামনা করি।”
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন সিইসি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রা বিরতির সময় তিনি কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন।
এ সময় তার সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।