ইতিহাসের সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন, ব্যর্থতার পেছনে রাজনৈতিক অস্থিরতা ও অর্থছাড়ের সংকট

্যৗ-2507171032.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছরে ইতিহাসের সবচেয়ে কম বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন করেছে সরকার। আইএমইডি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বছরজুড়ে খরচ হয়েছে বরাদ্দের মাত্র ৬৭ দশমিক ৮৫ শতাংশ অর্থ—যা বিগত দুই দশকে সর্বনিম্ন।

সংশোধিত বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকা। তবে খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫৩ হাজার ৪৫০ কোটি টাকা। একদিকে অযাচিত ব্যয় রোধে সরকারের কড়াকড়ি, অন্যদিকে রাজনৈতিক পটপরিবর্তন ও অর্থছাড়ের সংকটে প্রকল্প বাস্তবায়ন হয়েছে মন্থরগতিতে।

বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি মানেই অপচয় ও কাঙ্ক্ষিত সুফল না পাওয়া। আইএমইডির তথ্যমতে, এ বছর বিদেশি সহায়তা নির্ভর প্রকল্পেও খরচ হয়েছে বরাদ্দের মাত্র ৬৫ শতাংশ, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে কম।

সবচেয়ে বাজে পরিস্থিতি দেখা গেছে স্বাস্থ্য খাতে—স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মাত্র ১৫ শতাংশ এবং স্বাস্থ্যসেবা বিভাগ ২১ শতাংশ বরাদ্দ বাস্তবায়ন করেছে।

অন্যদিকে সবচেয়ে সফল পররাষ্ট্র মন্ত্রণালয়—বরাদ্দের ৯৯ শতাংশের বেশি খরচ করেছে তারা। এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি, কৃষি ও যুব মন্ত্রণালয়ও ৯০ শতাংশের বেশি বাস্তবায়ন করেছে।

শেষ মাস জুনেও লক্ষণীয়ভাবে কম হয়েছে ব্যয়। আগের বছরের জুনে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছিল ৫৮ হাজার কোটি টাকা; এবার কমে হয়েছে মাত্র ৪২ হাজার কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, বাস্তবায়নে ধীরগতি, জবাবদিহির অভাব ও সক্ষমতা ঘাটতি মিলিয়েই গড়ে উঠছে ব্যর্থতার এ ইতিহাস। কার্যকর উন্নয়ন নিশ্চিতে প্রকল্প ব্যবস্থাপনায় রিফর্ম এবং কড়া নজরদারির তাগিদ দিয়েছেন তারা।

Leave a Reply

scroll to top