বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস—সারা দেশে বৃষ্টি ও গরমের মিশ্র পূর্বাভাস

sa_98.1752232624.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনায় চলতি সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টিপাত ও গরমের মিশ্র আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় ভ্যাপসা গরম বেড়ে যেতে পারে, বিশেষত দক্ষিণ ও মধ্যাঞ্চলে।

গত ২৩ জুলাই, দেশের ছয়টি বিভাগে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হয়েছে। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে—৩৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাঙামাটিতে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ স্থানে, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাত।

এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বয়ে চলা তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, দ্রুত পরিবর্তনশীল এই আবহাওয়া নদীপথে চলাচল, কৃষিকাজ ও শহরাঞ্চলের জলাবদ্ধতা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

Leave a Reply

scroll to top