জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে এবং যানজটমুক্ত করতে হবে। তিনি বলেন, “নারায়ণগঞ্জকে আমরা আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না।”
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকা থেকে শুরু হওয়া ‘জুলাই পদযাত্রায়’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছিল, আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেদিন দেশের ছাত্রসমাজ মাঠে নেমে এসেছিল। আজ ফারহান ফাইয়াজের শহীদ দিবস, যাঁরা সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর হাতে শহীদ হয়েছেন।”
তিনি বলেন, “আমরা নারায়ণগঞ্জের শ্রমিক ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সুন্দর পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিতে এসেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাফিয়া ও অলিগার্কদের প্রোটেক্ট করা হচ্ছে, আর ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজির ভয়ে ব্যবসা চালাতে পারছে না।”
“আপনারা গণঅভ্যুত্থানে জেগে উঠেছিলেন, সেভাবেই জেগে থাকতে হবে। এই সংগ্রাম শেষ হবে যেদিন আমরা নতুন বন্দোবস্ত, জনগণের বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে পারব,” বলেন নাহিদ ইসলাম।
পদযাত্রা বিকেলে পৌনে ৫টায় নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া চত্বরে এসে শেষ হয়। বিজয়স্তম্ভের সামনে বিকেল ৬টায় পথ সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। পদযাত্রায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম সদস্যসচিব ডা: তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির জেলা কমিটির যুগ্ম-সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু জানান, নিতাইগঞ্জে মধ্যাহ্নভোজের পর জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্য ও স্থানীয় দলিত সম্প্রদায়ের সঙ্গে কথা বলেছেন নাহিদ ইসলাম।