গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্বঘোষিত সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশস্থলে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মিছিল নিয়ে একদল ব্যক্তি সমাবেশস্থলে এসে মঞ্চ ভাঙচুর করে। তারা চেয়ার ছুড়ে ফেলে, সাউন্ড সিস্টেম ও মাইক ভাঙচুর করে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

হামলার কিছুক্ষণ পর, বিকেল ২টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম, ডা. তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন।
তারা মঞ্চে উঠে বিক্ষোভসূচক স্লোগান দেন—
‘আবু সাঈদ, মুগ্ধ; শেষ হয়নি যুদ্ধ’,
‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’,
‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’,
‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন,
“কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছানোর কিছু আগে ছাত্রলীগের নিষিদ্ধকৃত নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। তারা চেয়ার ভাঙচুর করে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সমাবেশ শান্তিপূর্ণভাবে চলছে।”
এর আগে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

 

 

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD