কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার, ২৬ জুন। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডে (আলিম) ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৯ হাজারেরও বেশি। পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮২ হাজার কমেছে। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। পরীক্ষার সুষ্ঠুতা নিশ্চিত করতে এবারও কঠোর পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় শিক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র না ভাঁজ করা, শুধুমাত্র সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার, মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ, বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা এবং প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের বাইরের কোনো পরীক্ষায় অংশ না নেওয়া। পাশাপাশি পরীক্ষা হবে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বরং স্থানান্তরিত কেন্দ্রে।

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা হয়েছে ৩৩ দফা নির্দেশনা, যাতে পরীক্ষা শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক, তিন ফুট দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা, প্রশ্নপত্র তিন দিন আগে ট্রেজারি থেকে যাচাই করে খামে সিল করে সংরক্ষণ, এবং পরীক্ষার দিন নির্ধারিত সেট অনুযায়ী খাম খোলা ও অব্যবহৃত সেট ফেরত পাঠানো। প্রশ্নপত্র গ্রহণের সময় থানা ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি নিশ্চিত করাও বাধ্যতামূলক।

পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, মাইকিং করে সচেতনতা সৃষ্টি এবং প্রতিটি কেন্দ্রে নকলবিরোধী পোস্টার টানানো বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষা চলাকালে কেবল এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। বর্ষাকালীন সময়ে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে আগেভাগে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও এবার গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়তি মনিটরিং করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও কঠোর নজরদারি ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD