দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে দেশব্যাপী এই পরীক্ষা শুরু হবে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।
এ বছর মোট পাঁচটি বিষয়ে ৪০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। সূচি অনুযায়ী: ২৮ ডিসেম্বর: বাংলা (১০০ নম্বর), ২৯ ডিসেম্বর: ইংরেজি (১০০ নম্বর), ৩০ ডিসেম্বর: গণিত (১০০ নম্বর), ৩১ ডিসেম্বর: বিজ্ঞান (৫০ নম্বর) এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (৫০ নম্বর)।
উল্লেখ্য যে, বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা ৩ ঘণ্টা ব্যাপী হলেও শেষ দিনে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার জন্য দেড় ঘণ্টা করে সময় বরাদ্দ করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছু জরুরি নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ:
১. আসন গ্রহণ: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে দেরি হলে বিশেষ অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যাবে।
২. নিষিদ্ধ সামগ্রী: পরীক্ষা কেন্দ্রে কোনোভাবেই মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।
৩. ওএমআর ফরম পূরণ: উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড বলপেন দিয়ে সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৪. ক্যালকুলেটর ব্যবহার: বোর্ড অনুমোদিত নির্ধারিত ৮টি মডেলের ক্যালকুলেটর অথবা সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
এমএ