পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় একটি কয়লা বোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি ব্রীজ ভেঙে ট্রাকসহ খালে পড়ে গেছে। বৃহস্পতিবার (১৯জুন)দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ইন্দুরকানি-সন্ন্যাসী মহাসড়কের চন্ডিপুর বাজার সংলগ্ন এলকায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে ইন্দুরকানি উপজেলার সাথে কলারন,সন্ন্যাসী,মোরেলগঞ্জ ও মোংলার সাথে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিপুর ইউনিয়নের কঁচা নদীর তীরে অবস্থিত আরওয়ান ব্রিকস এর আমদানিকৃত প্রায় ২৭ টন কয়লা বোঝাই ট্রাকটি ঝুঁকি নিয়ে বেইলি ব্রিজ পার হওয়ার সময় অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে ট্রাক বোঝাই মালসহ ব্রীজটি সম্পূর্ণ রূপে ভেঙ্গে পানির নিচে নিমজ্জিত হয়।
পাঁচ টনের অধিক মালবাহী ট্রাকসহ যে কোনো যানবাহনের পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে পার হতে যায় ট্রাকটি। ব্রীজটি ভেঙে পড়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে ব্রীজটি নাজুক অবস্থায় ছিল, ঝুঁকি নিয়ে জনসাধারণ ও ছোট যানবাহন চলাচল করতো। বারবার সড়ক ও জনপদ কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা শুধুমাুত্র ৫ টনের অধিক মালামাল পারাপার নিষিদ্ধের সাইনবোর্ড টানিয়ে দায় মুক্ত হয়।
স্থানীয়রা আরও জানান, এ ধরনের একটা গুরুত্বপূর্ণ সড়কের সেতুটি বছরের পর বছর এরকম নাজুক অবস্থায় থাকা কিছুতেই মেনে নেওয়া যায় না। ব্রীজটি নাজুক থাকায় কলারণ সন্ন্যাসী খেয়াঘাট পর্যন্ত পরিবহন, বড় যানবাহন চলাচল নিষিদ্ধ থাকায় অত্র এলাকার জনসাধারণ নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছিল। বর্তমানে ব্রীজটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ায় যানবাহন তো দূরের থাক জনসাধারণের এপার থেকে ওপারে যাতায়াত করা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ট্রাকটি দ্রুত উদ্ধার ও সেতু সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”