নতুন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে পর্দা উঠছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৬)। সকাল ১০টায় পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় মেলার উদ্বোধনী সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে আজ ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই আয়োজন।
এবারের মেলার অন্যতম আকর্ষণ হলো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। বরাদ্দের ক্ষেত্রে অনলাইনের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ই-টিকিটিং ব্যবস্থা। কিউআর কোড স্ক্যান করেই মেলায় প্রবেশের সুযোগ পাবেন দর্শনার্থীরা, যদিও প্রথাগত অন-স্পট টিকিট বিক্রয় কেন্দ্রও সচল থাকবে।
দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে আয়োজক কমিটি। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি এবার মেলায় যাতায়াতের জন্য জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ বিশেষ ছাড়ে (কনসেশনাল রেট) সেবা প্রদান করবে।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে শেরেবাংলা নগরে এই মেলা আয়োজন করা হলেও ২০২২ সাল থেকে এটি স্থায়ী ঠিকানা হিসেবে পূর্বাচলের নিজস্ব কেন্দ্রে স্থানান্তরিত হয়। দেশীয় পণ্যের বিকাশ ও বিশ্ববাজারে প্রসারের লক্ষ্য নিয়ে ১৯৯৫ সাল থেকে নিয়মিত আয়োজিত এই মেলাটি ২০২১ সালে করোনা মহামারির কারণে স্থগিত রাখা হয়েছিল।





